সিলেটি প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিচ্ছেন ডিসি সারওয়ার আলম
জুনেদ আহমদ চৌধুরী
প্রবাসী অধ্যুষিত হিসেবে সিলেটের নাম ঢাক সারাদেশেই। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডনও। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের অর্থনীতিতে সিলেটের প্রবাসীদের অবদান অপরিসীম। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিলেটি প্রবাসীরা এই প্রথম ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পাচ্ছেন এবার। বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের ১শ’প্রবাসীকে বর্ণাঢ্য আকারে সম্মাননা দিচ্ছে সিলেট জেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠানমালা। আর প্রশংসনীয় এই উদ্যোগ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলম।
জেলা প্রশাসন সূত্র জানায়,দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়। এজন্য জেলা প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সিলেটের প্রবাসীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীদের কাছ থেকে গ্রহণ করা হয় আবেদনপত্র। আর এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার প্রবাসী সিলেটি আবেদন করেন। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে ১শ’জনকে বাছাই করে এ সম্মাননা দিচ্ছে।
রাজকীয় এ সম্মাননায় সিলেট শহরকে সাজানো হয়েছে বর্ণাঢ্য আকারে। কিন ব্রিজ করা হয়েছে আলোয় আলোকিত। নগরের মোড়ে মোড়ে প্রবাসীদের নিয়ে বিভিন্ন লেখা সম্বলিত ফ্যাস্টুন সাটানো হয়েছে। বিমানবন্দর সড়কে ব্যতক্রমী ফ্যাস্টুন লাগিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হচ্ছে এটাই যেন প্রকৃত প্রবাসীদের অপূর্ব সিলেট।
অনুষ্টানমালায় রয়েছে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর)সকাল ১০টায় কিন ব্রীজ হতে প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি,সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে সফল প্রবাসী সম্মাননা,সন্ধ্যা সাড়ে ৬টায় সার্কিট হাউজে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আরো ৩টি মন্ত্রণালয়ের ৩জন সচিবও উপস্থিত থাকার কথা রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
অনুষ্ঠানের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা সিলেটভিউকে জানিয়েছেন,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া,সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, দক্ষিণ কুরিয়া, ওমান, মালয়েশিয়া, স্পেনসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আবেদন করেন। বাছাই করে ১শ জনকে দেয়া হচ্ছে এ সম্মাননা।
সম্মাননায় তালিকাভুক্ত যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর ও সাবেক স্পিকার আয়াছ মিয়া তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিলেটভিউকে বলেন,জেলা প্রশাসকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখতে আরো বেশি অনুপ্রাণিত হবেন।
সফল কমিউনিটি নেতা হিসেবে মনোনীত হওয়া জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি আবুল হোসেইন সিলেটভিউকে বলেন,দেশের জন্য আমরা যা করি কোন বিনিময় প্রাপ্তির জন্য নয়। কিন্তু সিলেট জেলা প্রশাসক মো.সারওয়ার আলম প্রবাসীদের যে সম্মান দিচ্ছেন তা আমাদের নতুন করে উজ্জীবিত করে তুলবে। এই সম্মান সমস্ত প্রবাসী সিলেটিদের বলে করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম