স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিয়া’কে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৭ জানুয়ারি) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে নির্যাতিত এবং রাজপথের পরীক্ষিত ত্যাগী নেতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মিয়া’কে সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে ত্যাগী নেতাকর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। এর মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমন এবং বিরোধী কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা আরও বলেন, সেলিম মিয়া একজন নিরপরাধ, সংগ্রামী ও জনপ্রিয় নেতা। তাকে গ্রেপ্তার করে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করা যাবে না। এ ধরনের দমন-পীড়ন আন্দোলনকে আরও বেগবান করবে। নেতৃবৃন্দ অবিলম্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম মিয়া’র নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।