শ্রম আইন সম্পর্কে সিলেটে যা বললেন মন্ত্রী আরিফ
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে। এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগীতা দিতে হলে এর কোনো বিকল্প নেই।
তিনি সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার শ্রমিকবান্ধব সরকার। আমরা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। আর তাই শ্রম আইন সংশোধনের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, হাওরে বজ্রপাতে নিহতদের পরিবাররের সদস্যদেরকেও অনুদানের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এ অনুষ্ঠানে ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে ৬৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।