প্রথম আলো প্রকাশের সময় আমাদের কিছু লক্ষ্য ছিল। আমরা ঠিক করেছিলাম, সাহসের সঙ্গে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন না করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করব। প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব এবং গণমাধ্যমের ওপর প্রযোজ্য আইন ও নীতি মেনে পেশাদারির সঙ্গে কার্যক্রম পরিচালনা করব। প্রথম আলোর সম্পাদকীয় নীতিমালায় নানা প্রসঙ্গের মধ্যে আমরা বলেছিলাম, ‘গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, আপামর মানুষের মঙ্গল ও উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা অবিচল।’ আরও বলেছিলাম, ‘নারী, শিশু এবং ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারের প্রতি আমরা সজাগ ও সংবেদনশীল।’ (দ্রষ্টব্য: প্রথম আলো ওয়েবসাইট) আমরা সেই নীতি মেনে সাংবাদিকতা করে এসেছি।
আমরা জানতাম, সাংবাদিকতার এই পথ গোলাপে বিছানো নয়। তবে পথটি যে কত সুতীক্ষ্ণ কাঁটায় ভরা, ১৮ ডিসেম্বর রাত তার একটা নজির তৈরি করল; তবে কেবল সাংবাদিকতারই জন্য এটি কালো রাত ছিল না, ছিল গণতন্ত্রের জন্যও।