মানিকপুর মাজারের পাশে চলছিল লেনদেন, অতঃপর….
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত তখন সাড়ে ১১টা। মানিকপুর মাজারের সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিলেন। উদ্দেশ্যে মাদকের লেনদেন।
হঠাৎ তারা টের পান র্যাব-৯ সদস্যদের উপস্থিতি। ব্যস! শুরু হয় দৌড় এবং অনেকে পালিয়ে গেলেও ধরা পড়েন দু’জন। তারা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও এলাকার তেরাই মিয়ার ছেলে মো. আকলিস মিয়া (৪০) ও সুবল দাসের ছেলে শুভ দাস (১৯)।
পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মানিকপুর মাজারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১০০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।