মবোক্রেসি কালচারে গণতন্ত্র ধ্ বং স
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এক বছর ধরে দেশে মবোক্রেসি কালচার শুরু হয়েছে। যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। এটাকে প্রতিহত করতে হবে। আর এটা সম্ভব হবে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। সুষ্ঠু নির্বাচন করতে পারি। গতকাল সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে সিলেট সফরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় নগরীর একটি হোটেলের হলরুমে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমরা আশাবাদী আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সরকার ও নির্বাচন কমিশন সেভাবেই কাজ করছে। সবাই মিলে সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবশ্যই সফল হবে, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আমরা মনেকরি গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন করা। পার্লামেন্টের মাধ্যমে সরকার গঠন করা।