তারেক রহমানের সিলেট সফর
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছেন দলটির সিলেটের নেতাকর্মীররা। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠকসহ নানা তৎপরতা শুরু করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় তারা জনসভার মঞ্চস্থল, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
নেতৃবৃন্দ জানান, জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রস্তুতি বৈঠক, মাঠপর্যায়ের তৎপরতা ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় সিলেট- ৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যানের ঢাকার বাইরে এটাই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটেই বিএনপির প্রথম নির্বাচনী প্রচারকেন্দ্রিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটাতে স্থানীয়ভাবে কাজ করছে বিএনপি।’
বিএনপির নেতা-কর্মীরা জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা জানান, জনসভাগুলোয় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পাড়া-মহল্লাভিত্তিক প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশস্থলের আশপাশের এলাকা ও সিলেট নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ব্যাপক সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া তারেক রহমান যেসব সড়ক ও মহাসড়ক দিয়ে যাবেন, সেগুলোর দুই পাশেও বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এককথায়, ওই দিন সিলেটে প্রথম নির্বাচনী প্রচারাভিযান ঘিরে বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি।
এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে বিএনপি ও ছাত্রদল পৃথকভাবে প্রস্তুতি বৈঠক করেছে। এসব বৈঠকে জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি আয়োজন সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়।
গত বুধবার রাতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরের মেন্দিবাগ এলাকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এনামুল হক চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বক্তব্য দেন।
এদিকে তারেক রহমানের সিলেট সফর সফল করতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলও পৃথকভাবে আরেকটি প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের তোপখানা এলাকায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। মহানগর বিএনপির প্রতিটি ইউনিট নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানো হয়েছে।’