সিলেটের খারপাড়া মিতালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক বিএনপি নেতা আব্দুস সেলিমকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ মে (মঙ্গলবার) রাত ১১টায় পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মিতালী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুমন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুস সেলিম বলেন, নিজের মাতৃভূমি আর প্রিয় এলাকার মানুষের কাছ থেকে এই ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তিনি সুদূর যুক্তরাজ্যে থাকলেও তাঁর মন সবসময় এই খারপাড়ার মানুষের জন্যই কাঁদে। মিতালী সমাজ কল্যাণ পরিষদ যেভাবে এলাকার তরুণ সমাজকে সাথে নিয়ে কল্যাণমূলক কাজ করছে, তার প্রশংসা করে তিনি আগামীতেও এলাকার যেকোনো উন্নয়ন ও মানবিক কাজে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সেনুর আহমদ, সিদ্দেকুর রহমান, সুয়েবুর রহমান, নাসির আহমদ, আলেক খান, মাহবুবুর রহমান, আরিফ আহমদ রিপন, ফাইয়াজ হোসেন মাশফি এবং নাফিজ হোসেন মিটু।
এ সময় বক্তারা বলেন, এলাকার সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। সংবর্ধিত অতিথি প্রবাসে থেকেও সবসময় নাড়ির টানে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামীতেও এলাকার উন্নয়নে প্রবাসীদের এই সহযোগিতা ও ভালোবাসার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মিতালী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কৃতি এই প্রবাসীকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি