প্রতীকী ছবি
ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংক এমডিদের সতর্ক করলেন গভর্নর
♦ এক মাসে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বাড়ল প্রায় দেড় টাকা ♦ কার্ব মার্কেটে ডলার বিক্রি হচ্ছে ১২৮ টাকা ৫০ পয়সা দরে
অনলাইন ডেস্ক
এক মাসের ব্যবধানে দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারপ্রতি বিনিময় হার প্রায় দেড় টাকা বেড়েছে। আর কার্ব মার্কেটে (খুচরা বাজার) প্রতি ডলারের দর উঠে গেছে ১২৮ টাকা ৫০ পয়সায়। হঠাৎ করেই ডলারের বিনিময় হারে ঊর্ধ্বমুখী এ প্রবণতার বিষয়ে ব্যাংক নির্বাহীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান এ সতর্কবার্তা দেন।
বৈঠকে অংশ নেয়া ব্যাংক নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের বেশির ভাগ ব্যাংকের ডলার ধারণক্ষমতা বা এনওপি (নিট ওপেন পজিশন) এখন ভালো। বাজারে ডলারের সরবরাহেও খুব বেশি ঘাটতি নেই। বিপরীতে ডলারের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো ঘটনাও ঘটেনি। তার পরও এক মাস ধরে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের পাশাপাশি কার্ব মার্কেটে ডলারের দাম বাড়ছে। ব্যাংক নির্বাহীদের সঙ্গে বৈঠকে ডলার প্রবাহের এ চিত্র তুলে ধরে গভর্নর বলেছেন, ব্যাংকগুলোর এনওপি ইতিবাচক থাকার পরও ডলারের দাম এত বেশি হওয়ার কথা নয়। কোনো পক্ষ যাতে সংকটের অজুহাত দেখিয়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘দেশের সব ব্যাংকের এমডিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি মূলত নন-রেসিডেন্ট টাকা কনভার্টিবল অ্যাকাউন্ট (এনআরসিটিএ) সংক্রান্ত ছিল। ডলারের প্রবাহ বাড়াতে ভারত-পাকিস্তানসহ অনেক দেশ প্রবাসীদের আকৃষ্ট করতে এ ধরনের
হিসাব চালু করেছে এবং বিপুল সাফল্যও পেয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকেও সম্প্রতি এ ধরনের হিসাব চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনার আলোকে কীভাবে এনআরসিটিএ হিসাব জনপ্রিয় করে তোলা যায়, সেটি আলোচনা করতে ব্যাংক নির্বাহীদের বৈঠকে ডাকা হয়েছিল। সবাই মিলে প্রাণবন্ত একটি আলোচনা হয়েছে। আশা করছি, প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও এনআরসিটিএ হিসাব জনপ্রিয়তা পাবে।’
আরিফ হোসেন খান জানান, অনেক আগেই বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করে দিয়েছে। বৈঠকে ব্যাংক নির্বাহীদের সে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, চাহিদা ও জোগানের ভিত্তিতে যদি ডলারের বিনিময় হার বাড়ে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি নেই। কিন্তু কোনো পক্ষ যাতে কৃত্রিমভাবে দাম বাড়ানোয় ভূমিকা না রাখতে পারে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩০ পয়সা। যদিও অক্টোবরের প্রথম সপ্তাহেও ডলারের এ দর সর্বোচ্চ ১২২ টাকা ৯২ পয়সা ছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে ডলারপ্রতি ১ টাকা ৩৮ পয়সা বেড়েছে। তবে ঘোষিত এ দরের চেয়েও ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে এক-দুই টাকা বেশি নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৈঠকে অংশ নেয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘প্রবাসীদের মধ্যে এনআরসিটিএ হিসাব জনপ্রিয় করে তোলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। গভর্নর আমাদের কাছে এ বিষয়ে পরামর্শ চেয়েছেন। আমরা কিছু পরামর্শ দিয়েছি। এ-সংক্রান্ত নীতিমালার বিষয়ে কিছু লিখিত প্রস্তাবও ব্যাংক নির্বাহীদের পক্ষ থেকে দেয়া হবে। আর ডলারের বিনিময় হার নিয়ে গভর্নর সতর্ক থাকতে বলেছেন। বাজারে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন।’
সূত্র : বণিক বার্তা।
বিডি-প্রতিদিন