• সিলেট, সন্ধ্যা ৬:৩৮, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক

Manual7 Ad Code

রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা একে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

Manual5 Ad Code

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দ্বিতীয় দফায় সফল গ্রিড সংযোগকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, প্রথমবারের গ্রিড সংযোগের অভিজ্ঞতা, প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও কারিগরি সমন্বয়ের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের এই সফল সংযোগ বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন কার্যক্রমে আরও অগ্রগতি নির্দেশ করে। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

দ্বিতীয় দফার গ্রিড সংযোগে টারবাইন-জেনারেটর সিস্টেম, স্টিম বাইপাস ব্যবস্থা, জেনারেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সহায়ক ব্যবস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রিডের সঙ্গে সংযুক্ত অবস্থায় ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, উৎপাদন লোড, টারবাইনের কম্পন, তাপমাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালনগত পরামিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

ড. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো সফলভাবে গ্রিডের সঙ্গে সংযুক্ত হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রথমবারের অভিজ্ঞতার পর আবারও সফলভাবে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ করতে পারা আমাদের পরিচালন সক্ষমতা এবং সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

তিনি আরও বলেন, এনপিসিবিএল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটর হিসেবে এর নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনার দায়িত্ব পালন করছে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ব্যবস্থাপনা, দক্ষ অপারেশনাল জনবল, নিরাপত্তা সংস্কৃতি, যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে আমরা রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

বাংলাদেশি জনবলের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, রূপপুরে বাংলাদেশের প্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও অপারেটরদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। অত্যাধুনিক VVER-1200 প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবলের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, অনুমোদিত পরিচালন পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জননিরাপত্তা, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এনপিসিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।

এই অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও অপারেটরদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

Manual2 Ad Code

ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে অপারেটর হিসেবে এনপিসিবিএল সর্বোচ্চ দায়িত্বশীলতা, দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয়বারের সফল গ্রিড সংযোগ আমাদের সেই দায়িত্ব পালনের পথে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। ওই সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com