• সিলেট, রাত ৯:৩৪, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

Manual8 Ad Code

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
চতুর্থ বৈঠকে টানা ১৩ ঘণ্টা দরকষাকষির পর অবশেষে সমঝোতা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

দীর্ঘ দরকষাকষি, কয়েক দফা প্রস্তাব সংশোধন এবং শেষ পর্যন্ত ভোটাভুটির মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমানের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। গ্রেডভেদে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে গতকাল রাত সোয়া চারটায় প্রেস ব্রিফিংয়ে আসেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মাত্র তিন সপ্তাহের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে আসতে পেরেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেড নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দীর্ঘ আলাপের পর চতুর্থ গ্রেড অর্থাৎ ন্যূনতম মজুরির বিষয়ে দুই পক্ষ একমত না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

সভায় মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়।

বোর্ড সূত্রে জানা যায়, নতুন কাঠামোয় গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড-৩-এ ১৯ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা।

গতকাল বেলা সোয়া ৩টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

চার দফা সংশোধনের পরও সমঝোতা হয়নি : সভায় দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে মালিকপক্ষ তাদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ থেকে চার দফায় বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার ৫০০ টাকার সংশোধিত প্রস্তাব দেয়। এরপর শ্রমিকপক্ষের দাবি কমে ১৮ হাজার টাকায় দাঁড়ায়।

দুই পক্ষে সমঝোতা না হওয়ায় মালিকপক্ষ শেষ পর্যন্ত তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। কিন্তু তাতেও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। পরে বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর অনুষ্ঠিত ভোটে মালিকপক্ষের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

এর আগে গতকাল এক ঘণ্টার বেশি আলোচনা শেষে বিকাল পৌনে ৫টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি বলেন, আলোচনায় কখনো মালিকপক্ষ, আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন তিনি। এমনকি মালিক ও শ্রমিকপক্ষকে নিজেদের মধ্যেও আলাদা করে আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে।

শুরুতে মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের ২২ হাজার : সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে। এর বিপরীতে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। পরে মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ দিতে রাজি হয়। অন্যদিকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা দাবি করে নতুন প্রস্তাব দেয়। সবশেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়। এতে সন্তুষ্ট হয়নি শ্রমিকপক্ষ। ওই দিন রাত সাড়ে ৮টায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এর আগে ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে। এর বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করেছিল।

Manual1 Ad Code

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ : আগের সভার মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে স্লোগান দেন।

এদিকে সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছিল, মজুরি বোর্ডের সব পক্ষের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে। মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা ছিল সরকারের। শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক নিশ্চিত করাও জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Manual6 Ad Code

৩০ বছরে মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা : পোশাকশিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩০ টাকায়। এরপর প্রায় ৩০ বছরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এবার নতুন করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের ফলে আগের কাঠামোর তুলনায় শ্রমিকদের মজুরি বাড়ছে ৩৬ শতাংশ। তবে নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পোশাকশিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Manual8 Ad Code

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com