৭ ফেব্রুয়ারি সিলেটে আসছেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সিলেটে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জনসভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সিলেটের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ইতোমধ্যে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে সিলেটে বুধবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সভা পরিচালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।
আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ এবং সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।
প্রস্তুতি সভায় আগামী ৭ ফেব্রুয়ারির নির্বাচনী জনসভা সফল করতে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের জনশক্তিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।