‘দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিতে হবে’
অনলাইন ডেস্ক
স্বাধীনতা-সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিতে হবে। আপনাদের ভোটে বিএনপি দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা করে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। মহান মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ কিংবা আহত হয়েছেন, তাদের অবদানও অবিস্মরণীয় হয়ে থাকবে।
আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করতেই হবে। তা নাহলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব ভুলে যেতে হবে। আসুন ভোটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হাত আরও শক্তিশালী করি।
বিডি প্রতিদিন