শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি: গণতান্ত্রিক ও মুক্তচিন্তার ক্যাম্পাস গড়ার ডাক
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক পদে ইংরেজি বিভাগের (২০১৮-১৯) শিক্ষার্থী নাজনীন লিজা এবং যুগ্ম-আহ্বায়ক পদে একই বিভাগের (২০২০-২১) শিক্ষার্থী জুবায়ের আহমেদ জুয়েল নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের এক কর্মীসভার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কর্মীসভায় নবনির্বাচিত নেতাদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল।
জানা যায়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি ১১ সদস্যবিশিষ্ট হলেও প্রাথমিকভাবে সাতজনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন— প্রান্তিক দীপম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মং চো, আনিকা সালাম সাধিকা এবং কাজী রোবায়েত ইশরাত। নতুন আহ্বায়কের ভাষ্যমতে, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কো-অপ্ট করার মাধ্যমে বাকি চারজন সদস্যের নাম প্রকাশ করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিতে জোরালোভাবে নবনির্বাচিত আহ্বায়ক নাজনীন লিজা বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিসেবে আমি মনে করি, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান নয়। বিশ্ববিদ্যালয় এমন একটি পরিসর, যেখানে আমরা প্রশ্ন করতে শিখব, যুক্তি দিয়ে ক্ষমতাকে মোকাবিলা করতে শিখব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিক সাহস অর্জন করব।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষার্থী কোনো ভোক্তা নয় এবং বিশ্ববিদ্যালয় কোনো প্রশাসনিক কর্তৃত্বের নিছক অধীনস্থ প্রতিষ্ঠান নয়। আমরা চাই গণতান্ত্রিক, বৈষম্যহীন, নিরাপদ ও মুক্তচিন্তার বিশ্ববিদ্যালয়— যেখানে শিক্ষার্থীর মতপ্রকাশের অধিকার থাকবে, সাংস্কৃতিক চর্চার অধিকার থাকবে, সংগঠিত হওয়ার অধিকার থাকবে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার কণ্ঠের মূল্য থাকবে।