• সিলেট, রাত ৯:৫৩, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজপথেই হবে ষড়যন্ত্রের মোকাবিলা : প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
রাজপথেই হবে ষড়যন্ত্রের মোকাবিলা : প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

গতকালের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান -পিএমও

রাজপথেই হবে ষড়যন্ত্রের মোকাবিলা : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

বিএনপির সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে।

Manual2 Ad Code

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটাই প্রথম শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডিসংক্রান্ত আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে।

স্বৈরাচার শাসনামলে দেশের জ্বালানিব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে : গতকাল সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানিব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।

ছয় শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : গতকাল সংসদে শামছুর রহমান শিমুল বিশ্বাসের অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।

সংসদে তিন অধ্যাদেশ : বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে বিল উত্থাপন

সৌরবিদ্যুৎ স্থাপন, সরকারি ক্রয় ও মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের বিষয়ে জারি করা তিনটি অধ্যাদেশ গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এ ছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষানিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

গতকাল সংসদ অধিবেশনে অধ্যাদেশগুলো উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

উত্থাপিত বিলগুলোর মধ্যে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ গত ১৯ অক্টোবর জারি করা হয়। এ অধ্যাদেশের মাধ্যমে ৫ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে। এ ছাড়া সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ গত ২১ সেপ্টেম্বর এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ১৩ অক্টোবর জারি করা হয়।

অধ্যাদেশগুলো উত্থাপনের পর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বগুড়া শহর ও আশপাশ এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে আনীত বিলটি পরীক্ষা করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। গত ২৩ জুলাই মন্ত্রিসভা খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়।

Manual4 Ad Code

আওয়ামী লীগ আমলে ৭২২ এনজিওর কার্যক্রম বন্ধ : বিভিন্ন অনিয়ম, শর্ত ভঙ্গ ও নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ করে এনজিও-বিষয়ক ব্যুরো। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল এবং ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করার অভিযোগে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ-সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

অন্যায়, জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

এর আগে গতকাল বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্বাগত বক্তব্যে স্পিকার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন, ডামি নির্বাচন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুনভাবে সূচনা করেছে।’ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হলেন নোয়াখালী-৪ আসনের সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরা।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্যে স্পিকার বলেন, ‘জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছে।’

বিশিষ্টজনদের মৃত্যুতে শোক : অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সাবেক চার সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্যসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার শোকপ্রস্তাব উত্থাপন করলে তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শোকপ্রস্তাবে স্থান পাওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আবদুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। দেশবিদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। সংসদে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রয়াত ও নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

কারাগারে গাজী নজরুল : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) কারাগারে বন্দি রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রয়েছেন। কার্যপ্রণালি বিধির ১৭২-এ পাওয়া নোটিসের সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে সংসদে পড়ে শোনান স্পিকার।

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com