বর্ধিত ওয়ার্ডে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে সিসিক: প্রশাসক
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আগে সিলেট সিটি কর্পোরেশনে ছিল ২৭টি ওয়ার্ড, এখন তা বেড়ে হয়েছে ৪২টি। মানুষ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা প্রত্যাশা করে। কিন্তু এখনও আমরা আধুনিক সুযোগ-সুবিধা তৈরি করতে পারিনি। আর নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে সেবা সম্প্রসারণ করতে গিয়ে সিটি কর্পোরেশন হিমশিম খাচ্ছে।
বুধবার (১১ মার্চ ) সিলেট সদর উপজেলার মইয়ারচরে সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিসিক প্রশাসক বলেন, একটি প্রতিষ্ঠানের পক্ষে একা সুন্দর ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়, যদি না নগরবাসী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছেন এবং সিলেট থেকে দুজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ফলে সিলেটবাসীর প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।
সিলেট আনন্দ ট্যুরিস্ট গ্রুপের পরিচালক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ, মইয়ারচর তাবিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কমর উদ্দিন এবং ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আহমদ, মো. মাহবুবুর রহমান প্রমুখ।