বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ নানা সময়ে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে হলে আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে জোরালো ভূমিকা পালন করবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসায়ীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাব। বিশেষ করে বাজারের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আপনারা যে বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, সকল ব্যবসায়ীর কল্যাণে এই সংগঠন পরিচালিত হবে।
বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইসের হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহাসচিব ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট জেলার ব্যবসায়ী সমাজকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে রূপান্তর করতে নবনির্বাচিত সভাপতির দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
বক্তারা সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ী যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।