সিলেটসহ ১৩ সিটিতে ই-রিকশার ড্রাইভিং লাইসেন্স নয়, নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
সিলেটসহ দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর) থেকে। প্রথমে ই-রিকশা নিবন্ধন করা হবে। পরে পর্যায়ক্রমে চালকদেরকে ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিকশা চলাচলের নতুন নির্দেশিকা ও বিধিমালার সার্বিক দিক তুলে ধরে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন ই-রিকশার নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। চালকদের এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, লাখ লাখ চালকের লাইসেন্স দেওয়ার সক্ষমতা সিটি করপোরেশনের না থাকায় আপাতত ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের জন্য মালিকপক্ষের মাধ্যমে পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি করে তাদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
ঘোষিত নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। দুই যাত্রীর ই-রিকশার জন্য প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার যাত্রীর ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। প্রতিটি রিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট থাকবে, যার বয়সসীমা বা মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
সিলেটভিউ২৪ ডটকম