সিলেট-৬ : মনোনয়ন বাছাইয়ে টিকলেন এমরান, স্থগিত ফয়সল
নিউজ ডেস্ক
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির পক্ষ থেকে দুই প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করেছেন, তবে বিএনপির অপর প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে কিছু অসঙ্গতি থাকায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
এর আগে ২৯ ডিসেম্বর বিকালে এমরান আহমদ চৌধুরী হাজারো নেতাকর্মী ও সমর্থকের সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম ধাপের তালিকায় সিলেট-৬ আসনের জন্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে তিনি ও তার দলমত সমর্থকরা মাঠে সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী জানিয়েছেন, এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির তৃণমূলের সক্রিয় সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন।