ভোটের মাঠে গোল দিতে চান মোস্তাকিম রাজা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিলেট -৩ আসন চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
তার মার্কা ফুটবল দিয়ে গোল দিতে চান ভোটের মাঠে। সে লক্ষ্যে দিনরাত অসংখ্য সমর্থক নিয়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। দিন দিন বাড়ছে তার সমর্থক সংখ্যা। যুব সমাজের আইকন খ্যাত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর জনসংযোগ পথসভা রূপান্তর হচ্ছে জনসভায়। নিজের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে ঝাপিয়ে পড়েছেন তরুনরা। তার বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভোটের হিসাবে নতুন সমীকরণ হিসাবে যোগ হচ্ছে। জনসংযোগ ও পথসভায় নিজের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলছেন তিনি। সময় উপযোগী উপযুক্ত কর্ম পরিকল্পনা সাদরে গ্রহন করছেন সাধারণ মানুষ।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় বিজয় নিয়ে আমি আশাবাদী। সিলেট -৩ আসনের বিভিন্ন এলাকার মুরব্বিয়ানদের পরামর্শে সব বয়সী মানুষদের নিয়ে আমি ভোটারদের দরজায় যাচ্ছি। মানুষ সানন্দে আমাকে গ্রহন করছে। আমি বিজয়ী হলে মানুষের এ আনন্দ কে হতাশায় রূপান্তর করতে দিব না। আমি এমপি হলে মানুষ যাতে তার সমস্যা সরাসরি আমাকে জানাতে পারে আমি সে সহজ পথ তৈরি করবো।
ভোটাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কয়েকটা দিন আমার জন্য কাজ করুন আমি ৫বছর আপনাদের জন্য কাজ করবো। আমাকে সে সুযোগ তৈরি করে দিন।