সিলেটে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের বি ক্ষো ভ
অনলাইন ডেস্ক
সিলেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট রেলওয়ে স্টেশনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক কর্মচারী অংশ নেন।
‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
রেলওয়ে শ্রমিক দলের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেন তারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সিলেট রেলওয়ের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশনের সামনে এসে শেষ হয়।