বাফুফের আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হলেন আব্দুল সাত্তার
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক সহ-সভাপতি আব্দুল সাত্তার।
সম্প্রতি বাফুফের পক্ষ থেকে জারি করা এক নিয়োগপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২১ মে ২০২৬ তারিখে বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসাইন তুষারের স্বাক্ষরিত ওই চিঠিতে আব্দুল সাত্তারকে আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।
নিয়োগপত্র অনুযায়ী, তিনি বাফুফের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন স্টেকহোল্ডার, ফুটবল ফেডারেশন, ক্লাব, প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা পরিচালনা করবেন। এছাড়া যৌথ সহযোগিতা উদ্যোগ, আন্তর্জাতিক টুর্নামেন্ট, ফুটবল উন্নয়ন চুক্তি, প্রশিক্ষণ ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাফুফের নবগঠিত আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হিসেবেও তাকে অন্তর্ভুক্ত করা হবে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় আব্দুল সাত্তার প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।