সিলভার কালার প্রাইভেট কার ধাওয়া করে যা পেল র্যাব
নিজস্ব প্রতিবেদক
আরিফ ও বারিকুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসনের নজর এড়িয়ে তারা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের ধরা পড়তে হয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করেছে র্যাব-৯। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রায় ৬০ কেজি গাঁজা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় ভোর পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টামোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরিফ (৩৫) চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামাটোলা গ্রামের বজলুর রহমান এবং মো. বারিকুল ইসলাম (২৭) মনোহরপুর গ্রামের মো. আকলু মিয়ার ছেলে।
র্যাব জানায়, তারা অপর একজনের সাথে সিলভার কালারের প্রাইভেট কারে মাদকদ্রব্য পরিবহণ করছিলেন বলে খবর ছিল র্যাবের গোয়েন্দা সূত্রের। এরপর র্যাব সদস্যরা চেকপোস্ট বসিয়ে কারটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত নাসিরনগর সড়কের দিকে পালিয়ে যায়। র্যাব সদস্যরা কারটিকে ধাওয়া করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থামাতে বাধ্য করেন। এসময় কারটিতে থাকা একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই সরাইল থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম