সিলেটে স্কুলের পাশে অভিযান দিল প্রশাসন, অতঃপর…
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
অভিযানে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদের সন্ধান পায় প্রশাসন। জব্দ করা হয় ১ হাজার ২০০ ঘনফুট আস্ত পাথর এবং ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর। এ সময় পাথর ভাঙার কাজে ব্যবহৃত ৩টি মিল বিকল করে দেওয়া হয়।
অন্যদিকে লিলাই বাজার ঘাট এলাকায় অপর আরেকটি অভিযানে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টরসহ মোট ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। উভয় অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জের নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে জানান ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম