ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি, ঐক্যবদ্ধ হয়ে গণসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী অভিযানে সবাই মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করতে হবে।’
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এই আয়োজন করা হয়।
এ সময় তিনি আরো বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে শয্যা বরাদ্দ রয়েছে। এ কারণে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যা নয়, হাসপাতালটি ২৫১ শয্যায় উন্নীত করার আহ্বান জানান তিনি।
মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষকে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রাশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
বিডি-প্রতিদিন