অক্টোবরের ৫ দিনে এলো ৫১৩ মিলিয়ন রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
দেশের অর্থনীতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্স স্বস্তির খবর নিয়ে এসেছে। চলমান অক্টোবর মাসের প্রথম পাঁচদিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রয়েছে।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে ২১.৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম ৫ দিনেই ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এই পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩.৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।
বিডি প্রতিদিন