সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে আমরা সমানভাবে দেখতে চাই। ছেলে ও মেয়েদেরকে সমানভাবে দেখতে চাই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস-২০২৬’ ও ‘বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা বর্তমানে একটা খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে যাচ্ছি। যুদ্ধের কারণে এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। আমরা সবাইকে নিয়ে যে বাংলাদেশ গড়ার চিন্তা করছি সেখানে এই শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমরা শিশুদের স্বার্থে আগামীর পথ নির্দেশনা বাস্তবায়বন করার জন্য সবাই মিলে কাজ করব।
তিনি বলেন, যেকোনো সভ্য সমাজের জন্য একটি একাডেমি থাকা উচিত শিশুদের সৃজনশীলতা বিকাশ ঘটানোর জন্য, মেধার বিকাশ ঘটানোর জন্য। বাংলাদেশ শিশু একাডেমি ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। এটা শিশুদের ভবিষ্যৎ গঠনের রূপরেখার গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান।
শিশুদের পিতামাতাকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের সাথে মা-বাবার যে ইন্টারেকশন এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক বাবা-মা আছেন, ছেলে মেয়েরা বেশি কথা জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে চান না। এটা কিন্তু ঠিক না। আমি আপনাদের বলছি ছেলে মেয়েরা যত প্রশ্ন করবে সবকিছুর উত্তর দিতে হবে, কারণ সবকিছুর উত্তর ওকে শিখতে হবে, ওকে জানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন যে শিক্ষার প্রয়োজন তাকে সেই শিক্ষা দিতে হবে।
তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না। স্পোর্টসেও ভালো করতে হবে, অংকনে ও মিউজিকে ভালো করতে হবে, গান শিখতে হবে, সাংস্কৃতিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের সংস্কৃতির একটা ভিত তার ভেতর থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
বিডি-প্রতিদিন