সিলেটে একমাসে ৮২৪ মোটরসাইকেল আ ট ক
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সেপ্টেম্বরজুড়ে চলেছে পুলিশের অভিযান। মাসজুড়ে বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৮২৪টি মোটরসাইকেল আটক করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মধ্যে ৭৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ট্রাফিক আইনে ১ হাজার ৫০০টি মামলার অর্ধেকই ছিল মোটরসাইকেলের বিরুদ্ধে। অভিযানে আটক ৮২৪টি মোটরসাইকেলের বড় অংশের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, হেলমেটবিহীন চলাচল, প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি, অতিরিক্ত গতি এবং ফিটনেসসংক্রান্ত ত্রুটি এসব মামলার অন্যতম প্রধান কারণ।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে ট্রাফিক আইন অমান্য করায় নগরীতে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা ও অন্যান্য প্রক্রিয়ায় ৭২ লাখ ৯০ হাজার ৩৭৫ টাকা আদায় করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় সিলেটভিউ২৪ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি গাড়ির ফিটনেস ঠিক রেখে সড়কে চলাচলের আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম