সিলেটে জিপিএ-৫ বেশি বিজ্ঞান বিভাগে, কম বাণিজ্যে
নিজস্ব প্রতিবেদক
সিলেটে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট ৯৮০ জন এমন কৃতিত্ব অর্জন করেছেন। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ফলাফল শিট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জানা গেছে এবার বিজ্ঞান বিভাগে যে ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে ছাত্র ৫৩১ ও ছাত্রী ৪৪৯ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে আবার ছাত্র ৫ হাজার ৯৯৮ ও ছাত্রী ছিল ৮ হাজার ৩৫৫ জন।
মানবিক বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন। এদের মধ্যে ছাত্র ৫৩ জন আর ছাত্রী ১১৭ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ৩৫৯ জন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৯৪৬ জন। ছাত্রী ৩০ হাজার ৪১৩ জন।
বাণিজ্য বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। এদের মধ্যে ছাত্র ২৯ ও ছাত্রী ২৫ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ১৮১ জন। এদের মধ্যে আবার ছাত্র ৩ হাজার ৯৯১ ও ছাত্রী ছিল ৪ হাজার ১৯০ জন।
সিলেটভিউ২৪ডটকম