সিলেট-৫ : মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি কানাইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। দুই দফায় ঘোষিত প্রার্থী তালিকায় এ আসনের কথা উল্লেখ হয়নি। এ থেকে সবার ধারণা ছিল, জোটবদ্ধ নির্বাচন হলে শরিক দলগুলোর হাতে আসনটি ছেড়ে দিবে বিএনপি। বা আসন ভাগাভাগির নির্বাচন হলেও তাই।
তবে চাকসু মামুনের মনোনয়নপত্র সংগ্রহের খবরে নানা আলোচনা ডালপালা মেলতে শুরু করেছে। বিশেষ করে জোট নিয়ে। তাহলে কি এবার আর নির্বাচনী জোট বা আসন ভাগাভাগি হচ্ছেনা? শেষ পর্যন্ত যদি আসনটি বিএনপি অন্য কোনো দল, বিশেষ করে জমিয়তের কাছে ছেড়ে দেয়?
দলটি থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচনী মাঠেই আছেন। তিনি নির্বাচন করতে প্রস্তুত। এমনকি জোট না হলেও তিনি নিজের দলের মনোনয়ন নিয়ে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন।
এদিকে এ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা না করা সত্তে¡ও নিজের মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে জানতে চাইলে মামুনুর রশীদ জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সাড়ে তিনমাস আগে প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ আসনে প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা না করলেও অন্য কারও নামওতো ঘোষণা করা হয়নি। সেই হিসাবে আমি আমার দলীয় প্রার্থী হিসাবেই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন এবার জোটের নির্বাচন হবেনা। হলে এতদিনে জোটের বিষয়টি বলা হতো। তবে কোনো দলের সাথে আসন ভাগাভাগির বিষয়টি আসতে পারে। সেক্ষেত্রেও আমি মনে করি, এ আসনটি বিএনপি অন্য কোনো দলের হাতে ছাড়বে না।
যদি দল ছেড়ে দেয় তাহলে তিনি কী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন? এমন প্রশ্নের উত্তর তিনি বারবার এড়িয়ে গিয়ে বলেছেন, এবার এ আসনটি ভাগাভাগি হবেনা। তাই ‘যদি’ নিয়ে আমি ভাবছিনা। আমিই সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী হবো এবং দল শেষ পর্যন্ত আমাকেই মনোনয়ন দিবে।