কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে হামলা হয় গতকাল রাত একটার দিকে। সেখানকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় প্রথম আলোর কার্যালয়। হামলায় কার্যালয়ের চেয়ার, টেবিল, ফাইল ক্যাবিনেটসহ বিভিন্ন আসবাব ব্যাপক ভাঙচুর করা হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত একটার পর সিঁড়ি বেয়ে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে যায়। তারা প্রথমে সামনে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলে। এরপর কক্ষের সামনে থাকা ফুলের টব ভাঙে। হামলাকারীরা কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার, টেবিলে ভাঙচুর করে। কুষ্টিয়া বন্ধুসভার গ্রন্থাগারের তাক, বই ও হারমোনিয়াম তছনছ করা হয়।
প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলেন, ঘটনার সময় তিনিসহ কার্যালয়ের কেউ সেখানে ছিলেন না। রাত দেড়টার কিছু সময় পর বাড়ির মালিক ফোনে ভাঙচুরের কথা তাঁকে জানান।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যসচিব এম জুবায়েদ রিপন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা প্রথম আলো কার্যালয়ে ছুটে যান। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ছাড়া সকালে প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের কাছে ফোন করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনার বিবরণ শোনেন। তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছেন বলে জানান।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফেরানোর পটভূমি তৈরি করতে চায়, তাদের জন্য এটি সহায়ক হবে।’