হবিগঞ্জের বৈরাগী টিলা থেকে যা উ দ্ধা র করলো র্যাব
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১টি দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশী ইউনিয়নের বৈরাগী টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় কালেঙ্গা বনাঞ্চলে নিয়মিত টহলে বের হয় বন বিভাগের একটি দল। দিবাগত রাত ২টার দিকে নিশ্চিন্তপুর খোয়াইছড়া এলাকায় গাছ কাটার শব্দ পেয়ে সেখানে গেলে কয়েকজনকে গাছ কাটতে দেখা যায়। বাধা দিলে তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে সরে যান। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হয়।
মামলার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চুনারুঘাটের বৈরাগী টিলা এলাকায় অভিযান চালিয়ে নীল রঙের পলিথিন দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি পিস্তল ও একটি রাবারের কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত এই দেশীয় পিস্তল ও রাবারের কার্তুজটি রেমা–কালেঙ্গা বনাঞ্চলে বন বিভাগের ওপর চালানো গোলাগুলির ঘটনায় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে র্যাব-৯।
র্যাব আরও জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে অদ্যবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’