• সিলেট, সকাল ৬:৫৫, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বনাম নোয়াখালী: শেষ ওভারের ভুলেই হাতছাড়া ম্যাচ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
সিলেট বনাম নোয়াখালী: শেষ ওভারের ভুলেই হাতছাড়া ম্যাচ

Manual6 Ad Code

সিলেট বনাম নোয়াখালী: শেষ ওভারের ভুলেই হাতছাড়া ম্যাচ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে এক উইকেটে জয় পেয়েছে সিলেট টাইটানস। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করে শেষ বলের নাটকীয়তায় নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়েছে তারা, আর তাতেই বিফলে গেছে মেহেদী হাসান রানার দুর্দান্ত হ্যাটট্রিক।

Manual4 Ad Code

সিলেটের জয়ের ভিত নড়ে গিয়েছিল ইনিংসের ১৮তম ওভারে। ওই ওভারে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি নোয়াখালীর হাতে তুলে দিয়েছিলেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। তখন সিলেটের সামনে শেষ ৬ বলে দরকার ছিল ১৩ রান। কিন্তু ক্রিকেটের নাটক এখানেই শেষ হয়নি।

শেষ ওভার করতে এসে সাব্বির হোসেন প্রথম দুই বলে কোনো রান দেননি। তৃতীয় বৈধ বল করতে গিয়ে হাই ফুলটসে নো বল করে বসেন তিনি। ফ্রি হিট পেয়ে ইথান ব্রুকস ছক্কা হাঁকান। পরের বলে চার মেরে সমীকরণ নামিয়ে আনেন ২ বলে ২ রানে।

পঞ্চম বলে ঘুরে দাঁড়ান সাব্বির। কোনো রান না দিয়ে ব্রুকসকে রান আউট করেন, উইকেটরক্ষক জাকের আলী অনিকের থ্রোতে ম্যাচ জমে ওঠে। কিন্তু শেষ বলে এসে আবারও ভুল করেন সাব্বির। ১ বলে ২ রানের সমীকরণে ওয়াইড দিয়ে বসায় ম্যাচ টাই হয়ে যায়।

ফ্রি বলের পর সালমান এরশাদের পায়ে লাগা বল থেকে বাই রান নিয়ে ননস্ট্রাইক প্রান্তে থাকা মোহাম্মদ আমির জয় নিশ্চিত করেন সিলেটের। নোয়াখালীর অধিনায়ক সৈকত আলী রিভিউ নিলেও কোনো লাভ হয়নি, বল উইকেটে লাগেনি।

এর ফলে বিপিএলে নিজেদের প্রথম জয় পায় সিলেট। বিপরীতে বিপিএলের ইতিহাসে নবম বোলার হিসেবে হ্যাটট্রিক করা রানার অসাধারণ পারফরম্যান্স শেষ পর্যন্ত হারেই ঢেকে যায়।

Manual5 Ad Code

এর আগে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ম্যাচে এগিয়ে ছিল সিলেট। ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ৬৫ রানের পর এটি ছিল তার টানা দ্বিতীয় ফিফটি। একসময় ২৪ বলে ২৬ রানের সহজ সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৩ রানে, যার পেছনে মূল অবদান ছিল রানার বিধ্বংসী স্পেল।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারায় সিলেট। সেখান থেকে চতুর্থ উইকেটে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইমন ও মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক মিরাজ করেন ৩৩ রান। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হ্যাটট্রিকম্যান রানা।

Manual2 Ad Code

এর আগে মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে ৭ উইকেটে ১৪৩ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। ৩টি ছক্কা ও ১টি চারে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন অঙ্কন। সিলেটের হয়ে এক ওভার মেডেনসহ ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন পেসার খালেদ আহমেদ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com