অর্থনীতিতে ম ন্দা ভা ব
অনলাইন ডেস্ক
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা যাচ্ছে। কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়ত। তবে প্রবাসী আয় আগের চেয়ে বেশি এসেছে।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কম বাস্তবায়ন প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, অর্থনীতির মন্দাভাবের কারণে এডিপি কমানো হয়নি। দুর্নীতির কারণে পুরোনো প্রকল্প পরিচালকদের অনেককে খুঁজে পাওয়া যায়নি। নতুন প্রকল্প নিয়োগ করতে সময় লেগেছে। এ ছাড়া অনেক প্রকল্প সংশোধন করতেও সময় লেগেছে। দরপত্রের নতুন নিয়ম চালু হয়েছে। এসব কারণে এবার অন্যবারের চেয়ে কম এডিপি বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, এজন্য প্রকল্প পরিচালকদের পুল গঠন করা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকল্পের খরচ ৫০ কোটি টাকার মধ্যে হলে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা পাস করতে পারবেন এবং ৫০ কোটি টাকার বেশি হলে একনেকে পাঠাতে হবে।
রাজনৈতিক সরকারের সময়ে প্রকল্পের হিড়িক লেগে যেত। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে তা হয়নি। যাচাইবাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে। অনেক মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব পাঠাচ্ছে না।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে বিদেশি ঋণ নিয়ে কোনো দেশ উন্নতির দিকে গেছে, এমন নজির নেই। এত দিন উন্নয়ন সহযোগীদের ঋণের প্রস্তাব থাকলেই তা নেওয়া হতো। কিন্তু আমাদের উন্নয়ন কৌশলের সঙ্গে সেগুলো সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হতো না। পায়রা বন্দর, মেট্রোরেলসহ বেশ কিছু প্রকল্পের অর্থ খরচ কীভাবে হবে, প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে, সেই সম্পর্কে পরবর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন