জনগণের দেওয়া প্রতিটি নির্দেশ বাস্তবায়নে কাজ করবো: এম এ মালিক
০৫ ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার) সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচনী জনসভায় সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, “আমি যদি নির্বাচিত হই, জনগণের সেবক হিসেবে আপনাদের দেওয়া প্রতিটি নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” বাজারের যানজট, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও নদীভাঙনসহ এলাকার সব জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
ফেঞ্চুগঞ্জ বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, এলাকাবাসীর উত্থাপিত প্রতিটি দাবি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত, এখানে কারও ব্যক্তিগত স্বার্থ নেই। বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, মাদ্রাসা ও কলেজের উন্নয়ন এবং নদীভাঙন রোধ—সবকিছুই জনগণের ন্যায্য দাবি বলে তিনি উল্লেখ করেন।
এম এ মালিক ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, “আপনার একার ভোট নয়, পরিবারসহ গেলে একাধিক ভোট নিশ্চিত হবে—এটাই আমাদের শক্তি।”
নির্বাচনের পরও জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকার মুরব্বি ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বারবার জনগণের কাছে আসবেন এবং তাদের পরামর্শ নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
শেষে তিনি এলাকার সার্বিক উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আহমদ খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপু, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইদ আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।