সিলেট রেড ক্রিসেন্টের আইটি ও মিডিয়া বিভাগের দায়িত্বে মুনায়েম মুন্না
অনলাইন ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট যুব কমিটির ২০২৬-২৮ সেশনের কার্যনির্বাহী পরিষদে ‘আইটি, মিডিয়া এন্ড কমিউনিকেশন’ বিভাগের বিভাগীয় উপ-প্রধান (ডেপুটি চিপ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক মো. মুনায়েম রশিদ মুন্না।
একজন সক্রিয় স্বেচ্ছাসেবী হিসেবে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতার পাশাপাশি এবার তিনি তথ্যপ্রযুক্তি ও প্রচারণার মাধ্যমে সিলেট ইউনিটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ব্রত নিয়েছেন।
উল্লেখ্য, এটি কোনো বেতনভুক্ত পদ নয়, বরং আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বের বৃহত্তম মানবিক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী দায়িত্ব।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. মোনায়েম রশিদ মুন্না তার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, রেড ক্রিসেন্ট আমাদের হৃদয়ের সংগঠন। এখানে আমি কোনো চাকরি করতে আসিনি, বরং একজন সেবক হিসেবে এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেছি। তথ্যপ্রযুক্তির এই যুগে আমার একমাত্র লক্ষ্য হলো সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটকে পুরো বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল ইউনিট’ হিসেবে গড়ে তোলা। আইটি এবং মিডিয়া সেকশনে আমরা সিলেটকে এতটাই শক্তিশালী ও আধুনিক করব যে, সেবার মানে সারা দেশে আমাদের ইউনিট অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ যেন আমাদের পেছনে ফেলে যেতে না পারে, সেই লক্ষ্যেই কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, কোনো আকাশকুসুম পরিকল্পনা নয়, বরং বর্তমান ডিজিটাল যুগে রেড ক্রিসেন্টের প্রতিটি মানবিক কার্যক্রম যেন দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হয়, সেটিই হবে তার মূল লক্ষ্য। সিলেটের যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে এমনভাবে সাজানো হবে যাতে এটি সারা দেশের স্বেচ্ছাসেবকদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
সিলেটের সামাজিক ও স্বেচ্ছাসেবী মহলে মুনায়েম মুন্নার এই দায়িত্ব প্রাপ্তিতে সহকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, একজন দক্ষ ও মাঠপর্যায়ের তরুণ স্বেচ্ছাসেবক আইটি ও মিডিয়ার দায়িত্বে আসায় সিলেট ইউনিটের প্রচার-প্রচারণা এবং ডিজিটাল যোগাযোগ আরও বেগবান হবে।