সিলেটে একসঙ্গে ১৭ ব্যক্তিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তি ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ১৭ ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় এসআরবি সদস্যসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম