সিলেটে ই য়া বা র বড় চালান ধরলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিয়ানীবাজার থানাধীন পাঞ্জিপুরী এলাকা থেকে পুলিশের অভিযানে ৯ হাজার পিস ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মাখন মিয়া (৪৫)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার পীরেরচক এলাকার ইলাছ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরী এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় যাত্রীবাহী বাস হতে ৯ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়ে বিয়ানীবাজার থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম