বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার করাই মূল লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিজস্ব কার্যালয় পেল সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার সকালে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর তোপখানায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি উদ্বোধন করেন।
এর আগে বিভিন্ন নেতার বাসাকে কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই মূল লক্ষ্য।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন