• সিলেট, সন্ধ্যা ৬:০৪, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতার্তের পাশে দাঁড়ানো মানবিক ও ইমানি দায়িত্ব

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
শীতার্তের পাশে দাঁড়ানো মানবিক ও ইমানি দায়িত্ব

Manual3 Ad Code

ফাইল ছবি

 

শীতার্তের পাশে দাঁড়ানো মানবিক ও ইমানি দায়িত্ব

শায়খ আহমাদুল্লাহ

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ঋতু পরিবর্তনে আমাদের মাঝে এখন শীতের আগমন ঘটেছে। সামর্থ্যবান ও সচ্ছল মানুষের কাছে এই ঋতু অনেকটা আরামদায়ক ও উপভোগ্য। কিন্তু সমাজের অসংখ্য অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতে চরম ভোগান্তি ও দুঃসহ কষ্টে নিপতিত হয়। বিশেষ করে উত্তরাঞ্চল, চরাঞ্চল এবং শহরের ফুটপাতগুলোতে বসবাসকারী ছিন্নমূল, দরিদ্র ও খেটে খাওয়া হাজার হাজার মানুষের কাছে শীত মানেই বেঁচে থাকার এক কঠিন সংগ্রাম।

আমাদের চারপাশে তাকালেই দেখা যায়, সামান্য এক টুকরো গরম কাপড়ের অভাবে অসংখ্য শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ শীতে কাতরাচ্ছে। আর রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্ট আরও তীব্র থেকে তীব্রতর হয়। অথচ আমাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতা তাদের এই কষ্ট অনেকটাই লাঘব করতে পারে।

সামর্থ্যবানদের জন্য বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নিছক সৌজন্যবোধ নয়, বরং এটি মানবিক ও ইমানি দায়িত্ব। মহান আল্লাহ সম্পদশালীদের সম্পদে অভাবীদের অধিকার নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তাদের ধনসম্পদে রয়েছে ঝাঞ্ঝাকারী ও বঞ্চিতের হক’ (সুরা জারিয়াত-১৯)।

অর্থাৎ দরিদ্র ও শীতার্তদের সহায়তা করে আমরা তাদের প্রতি কোনো করুণা করি না; বরং আল্লাহর দেওয়া সম্পদ থেকে তাদের প্রাপ্য অধিকারটুকুই আদায় করি। তা ছাড়া মুমিনের ব্যক্তিগত স্বার্থপরতা ইসলাম কখনো সমর্থন করে না। রসুল (সা.) বলেছেন, ‘ওই ব্যক্তি মুমিন নয়, যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে’ (আল-আদাবুল মুফরাদ, ১১২)।

আমাদের প্রত্যেকের আলমারিতেই এমন কিছু পোশাক পড়ে থাকে, যা হয়তো আমরা আর ব্যবহার করি না। সেই অব্যবহৃত পোশাকগুলোও ন্যূনতম গুছিয়ে কোনো অসহায় মানুষের হাতে তুলে দিতে পারি। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।

Manual8 Ad Code

তীব্র শীতে অনেকেই কর্মহীন হয়ে পড়ে। ফলে শীতের কষ্টের সঙ্গে যুক্ত হয় ক্ষুধা ও অসুস্থতা। এমন অবস্থায় কেবল নিজেদের স্বস্তি নিয়ে ব্যস্ত থাকা কখনোই প্রকৃত মুমিনের পরিচয় হতে পারে না।

শীতকালে অনেক সচ্ছল মানুষ ফ্যাশন, স্বাচ্ছন্দ্য কিংবা শীতকালীন ভ্রমণ ও উৎসবের পেছনে অকাতরে অর্থ ব্যয় করে। অথচ একটু সচেতন হলেই সেই ব্যয়ের সামান্য অংশ দিয়ে একজন অসহায় মানুষের শীত নিবারণের ব্যবস্থা করা সম্ভব।

সমাজের প্রতিটি মানুষ যেন একে অপরের সুখদুঃখে পাশে থাকে, ইসলাম সেই শিক্ষাই দেয়। মানুষের পারস্পরিক দায়বদ্ধতা বোঝাতে গিয়ে রসুল (সা.) বলেছেন, ‘পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মুমিনদের একটি দেহের মতো দেখবে। যখন শরীরের একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ অনিদ্রা এবং জ্বরে অংশ নেয়’ (বুখারি, ৬০১১)।

সমাজের একটি অংশ শীতের তীব্রতায় কাতরাবে আর অন্য অংশ নিশ্চিন্তে থাকবে-এটি কোনোভাবেই মুমিনের চরিত্র হতে পারে না। নবীজি (সা.) অন্য আরেক হাদিসে বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকেন’ (বুখারি, ২৪৪২)। তাই শীতের তীব্রতা বাড়ার আগেই শীতার্তদের জন্য আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এলাকার পরিচিত দরিদ্র মানুষ ছাড়াও দেশের প্রত্যন্ত ও শীতপ্রবণ অঞ্চলগুলোতে সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র পৌঁছে দেওয়া জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাস্তবায়নে এবার ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি। সারা দেশে বিতরণ কার্যক্রম ইতোমধ্যে চলমান।

জুমার মিম্বর থেকে

Manual5 Ad Code

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com