সংগৃহীত ছবি
তুরস্কে নূহ (আ.)-এর নৌকার সন্ধানে ৪৩০০ বছরের পুরোনো কাঠ উদ্ধারের দাবি
অনলাইন ডেস্ক
তুরস্কে নূহ (আ.)-এর নৌকার সন্ধানে অনুসন্ধান চালানো একটি দলের দাবি, তারা এমন কিছু কাঠের নমুনা পেয়েছে, যেগুলোর বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর। প্রাথমিক পরীক্ষাগারের ফলাফলে কাঠের এই বয়স নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোনস। তার দাবি, নমুনাগুলোর বয়স বাইবেলে বর্ণিত মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোনস বলেন, প্রাথমিক পরীক্ষায় কাঠের নমুনাগুলোর বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর পাওয়া গেছে। বাইবেলে বর্ণিত সেই মহাপ্লাবনের সম্ভাব্য সময়কাল নিয়ে প্রচলিত কয়েকটি ধারণার সঙ্গে এই সময়ের মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, আমরা সঠিক সময়কালেই রয়েছি।
জোনসের তথ্য অনুযায়ী, তার নেতৃত্বাধীন ‘নোয়াস আর্ক স্ক্যানস’ দলটি অনুসন্ধানস্থল থেকে কয়েক ব্যাগ কাঠ সংগ্রহ করেছে। এসব কাঠ দেখতে পোড়া বলে বর্ণনা করেছেন তিনি। এ ছাড়া আরারাত পর্বতের কাছের ওই স্থান থেকে পাওয়া কাঠের অন্যান্য টুকরোয় যন্ত্রপাতি দিয়ে কাজ করার চিহ্নও শনাক্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সংগৃহীত নমুনাগুলো মাটির প্রায় ৩০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। জোনসের বর্ণনা অনুযায়ী, সেগুলো একটি ‘নৌকাসদৃশ কাঠামোর’ পশ্চিম পাশ থেকে পাওয়া গেছে। তার দাবি, কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ৩০০ কিউবিট বা হাত, যা বাইবেলে বর্ণিত নৌকার পরিমাপের সঙ্গে মিলে যায়।
তবে কাঠগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সে বিষয়ে নিশ্চিত নন জোনস। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা ধাপে ধাপে এগোচ্ছেন। একটি পরীক্ষাগার থেকে পাওয়া প্রাথমিক ফলাফল তাদের আশাবাদী করেছে।
জোনসের বিশ্বাস, তারা প্রকৃত নূহের (আ.) নৌকার সন্ধানেই গবেষণা করছেন। তার দাবি, দলটি বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে এবং প্রতিটি সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করেই ফলাফল প্রকাশ করছে।
তিনি জানান, ছয় দশকেরও বেশি সময় আগে স্থানটি নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়। বাইবেলে বর্ণিত নৌকা অবতরণের স্থান হিসেবে পরিচিত এলাকার কাছেই নৌকার মতো দেখতে কাঠামোটি আবিষ্কৃত হয়েছিল। তবে জোনসের এই দাবির সঙ্গে বৈজ্ঞানিক মহলের প্রচলিত মতের অমিল রয়েছে। বিজ্ঞানীদের মতে, কথিত কাঠামোটি আসলে একটি প্রাকৃতিক শিলাগঠন, নৌকার ধ্বংসাবশেষ নয়।
অনুসন্ধান ও খননকাজ নিয়ে বিরোধিতা থাকলেও প্রকল্পটির প্রতি মানুষের আগ্রহের বিষয়টি উল্লেখ করেছেন জোনস। তার সঙ্গে কাজ করা একজন অধ্যাপকও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান তিনি।
জোনসের ভাষ্য, ওই অধ্যাপক বলেছেন, প্রত্নতাত্ত্বিক কোনো প্রকল্প ঘিরে মানুষের এতটা আগ্রহ তিনি আগে কখনো দেখেননি। এমনকি স্থানটি নষ্ট হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকে অনেকে তাদের কাজ বন্ধ করার চেষ্টা করছেন। সূত্র: ফক্স নিউজ।
বিডি-প্রতিদিন