রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান
> দুই ইউনিটের জ্বালানি আমদানি সম্পন্ন > পূর্ণাঙ্গ উৎপাদনের পথে বড় অগ্রগতি
অনলাইন ডেস্ক
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও সর্বশেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থায় জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য মোট নয় ধাপে পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের মূল জ্বালানির জন্য সাতটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি বা রিফুয়েলিংয়ের জন্য দুটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সাতটি বিশেষ কার্গো বিমানে দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং দুটি কার্গো বিমানে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়েছে। সর্বশেষ চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ভিভিইআর-১২০০’ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ইউনিট দুটি পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে কেন্দ্রটির কারিগরি সক্ষমতা যাচাই করা হচ্ছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। রাত ১১টা ৫০ মিনিটে নিয়ম অনুযায়ী উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এই অর্জন প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষা, নিবিড় কারিগরি কর্মযজ্ঞ এবং জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি বড় মাইলফলক।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলছে। এ ধাপে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে সিস্টেমের বিভিন্ন কারিগরি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
চুক্তির শর্ত অনুযায়ী, রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ১০ মাসের ‘ট্রায়াল অপারেশন’ বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এ প্রক্রিয়া শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ‘প্রভিশনাল টেকওভার’-এর মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
দীর্ঘ নির্মাণকাজ ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
বিডি-প্রতিদিন