দিরাইয়ে ‘এসএসসি ব্যাচ-২০০৫’র উদ্যোগে ডা. প্রশান্তকে সম্মাননা প্রদান
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার হাসপাতাল ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সিভিল সার্জন অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন।
এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করেছে এসএসসি ব্যাচ–২০০৫, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় দিরাই পৌরসভার কলেজ রোডে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. প্রশান্ত দাস তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় ডা. প্রশান্ত দাস তালুকদার দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর এই অর্জন দিরাইবাসীর জন্য গর্বের বিষয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইকবাল হোসেন চৌধুরী, সুরঞ্জন দাস, রাসেল হোসেন, সঞ্জয় সিংহ, জগৎ জ্যোতি দাস, ফজজুল করিম, বিধান দেবনাথ, জাকির হোসেন, কাওছার আহমদ, শাহীন আলম চৌধুরীসহ দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ–২০০৫ এর সদস্যরা।
এ সময় সম্মাননা পেয়ে ডা. প্রশান্ত দাস তালুকদার বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হয়ে মানুষের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি দিরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।