সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকারের ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন ঘিরে ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য।
আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন। একই সময়ে দেশের সব জেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হবে, যা সারাদেশে ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘সবকিছু অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকেই এই কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করবে।’
প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল ও ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় ক্রীড়ার গুরুত্ব বাড়াতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার ক্রীড়া বৃত্তি চালুর উদ্যোগও নিয়েছে।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্রায় ৫০০ খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। এতে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্রীড়ায় আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ সময় সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, উন্নয়নের নামে পূর্ববর্তী সরকারের সময়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে। স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।