আমেরিকাতে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি : সিলেটে বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকাতেও জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, পাশাপাশি যতোক্ষণ পর্যন্ত অর্থনীতি স্থিতিশীল থাকবে ততোক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করবে না সরকার। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সিলেটে তার নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পাম্পে গেলে তেল পাচ্ছেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যেহেতু বৈশ্বিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমাদের মিতব্যয়ী হতে হবে।
তিনি বলেন, সরকারের নতুন সিদ্ধান্ত আপদকালীন পরিস্থিতির জন্য। সকলে মিলে তা বাস্তবায়ন করলে বিদ্যুৎ সাশ্রয় হবে, যা পরবর্তীতে আমাদের জন্য সহায়ক হবে।
দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে।