একজন লেখককে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছাতে বই সহায়ক ভূমিকা পালন করে-
বিবি নির্বাহী পরিচালক খালেদ আহমদ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেছেন, বই একজন লেখককে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন পঁচিশের ঢাকার ডায়েরিতে থাকা অনেক তথ্য আগামী দিনে গবেষকদের কাজেও লাগতে পারে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর তৃতীয় গ্রন্থ ‘পঁচিশের ঢাকার ডায়েরি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রশিক্ষণ হলে ৭ মে ২০২৬ পরিচালক (ব্যাংকিং) আব্দুস সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন ও ব্যাংকিং) মোহাম্মদ মাহমুদুল হাসান। মূ্খ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুরো চিফ ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়াল। উপপরিচালক তানভীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পঁচিশে ঢাকার ডায়েরি’র লেখক জাবেদ আহমদ।
মূখ্য আলোচকের বক্তব্যে সেলিম আউয়াল বলেন জাবেদ আহমদ চার দশকের বেশি সময় ধরে সিলেট নগরীতে সামাজিক ও ক্রীড়া সংগঠক হিসাবে কাজ করে চলেছেন। তাঁর ক্ষুরধার লেখনিতে সমাজের নানা অসঙ্গতি ফুটে ওঠে। তিনি একজন ভ্রমণপ্রিয় লোক, সময় পেলেই দেশের নানা প্রান্তে ভ্রমণ করেন এবং ভ্রমণ কাহিনী ফেইসবুকে পোস্ট করেন। ফেইসবুকের লেখাগুলো সুবিন্যস্ত আকারে গ্রন্থে স্থান পেয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন নিত্যদিনের লেখা ডাইরি থেকে প্রকাশিত বই পাঠকরা উপভোগ করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আব্দুস সালাম মাহমুদ বলেন পঁচিশের ঢাকার ডায়েরি পড়ে ভুলে যাওয়া অনেক তথ্য নতুন করে জানা যাবে। লেখক অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেন পঁচিশের ঢাকার ডায়েরি গ্রন্থে ব্যক্তি জীবনের পাশাপাশি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
উল্লেখ্য ‘পঁচিশের ঢাকার ডায়েরি’ বইটি তিনি সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।