সুনামগঞ্জে মোতায়েন ৮ প্লাটুন বিজিবি
অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জের সীমান্ত এলাকাসহ ৪২টি পূজামণ্ডপে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মণ্ডপ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
বিজিবি অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ মোট ৪২টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির ৮টি প্লাটুন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।
১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিজিবির এই দলগুলো সার্বক্ষণিক বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও নিয়মিত টহল পরিচালনার সুবিধার্থে একটি বিশেষ বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আমাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তে স্বাভাবিক নজরদারি ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর।’
সিলেটভিউ২৪ডটকম