সুনামগঞ্জে চু রি হওয়া ৩ প্রতিমাসহ পূজাসামগ্রী উদ্ধার
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড় শ বছরের পুরনো তিনটি মূর্তি ও মূল্যবান পূজা সামগ্রী উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাতে বাধনপাড়া আবাসিক এলাকার গোবিন্দ চক্রবর্তীর পারিবারিক মন্দির থেকে চুরি হয়। প্রায় দেড় শ বছরের পুরনো রাধা মধাব, রাধা মা ও গণেশ ঠাকুরের মূর্তির সঙ্গে সোনা রোপার পুজার উপকরণও চুরি করে নিয়ে যায় চোর।
খবর পেয়ে সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ ও পুলিশ ফাড়ির এসআই অভিজিৎ ভৌমিক অভিযান শুরু করেন।
গোয়েন্দা সূত্রে খবর সংগ্রহ করে শহরের হাসননগর এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রাম থেকে চুরি হওয়া তিন মূর্তি ও পূজা সামগ্রী উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পারিবারিক মন্দিরের মালিক ব্যবসায়ী রাজগোবিন্দ চক্রবর্তী বলেন, ‘বুধবার ভোররাতে ঘুম থেকে ওঠে দেখি মন্দিরের তালা ভাঙা। পরে দেখি মন্দিরের দেড় শ বছরের পুরনো তিনটি মূর্তিসহ মূল্যবান পূজা সামগ্রী নেই।
সবকিছু এলোমেলো। তারপর পুলিশকে খবর দিলে আজ পুলিশ কিশোরগঞ্জ থেকে তা উদ্ধার করে দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’
সুনামগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, ‘শহরের হাসনগর এলাকার এক সন্দেহভাজন চোরকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চুরি যাওয়া বিগ্রহসহ সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে। পরে মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সিলেটভিউ২৪ডটকম