প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন কাল,
দ্বিপক্ষীয় জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পাবে
অনলাইন ডেস্ক
জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সংহতি বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নতুন ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে আগামীকাল তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ সফরকে ঢাকা ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তুরস্কের আনতালিয়ায় আনতালিয়া এক্সপো সেন্টারে ৯ থেকে ২০ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন। সম্মেলন শেষে ১২ নভেম্বর তিনি ঢাকার উদ্দেশে তুরস্ক ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক আদানপ্রদানসহ জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু গুরুত্ব পাবে। সফরকালে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জলবায়ু অর্থায়ন ও কৌশলগত অংশীদারি সফরের অন্যতম প্রধান লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা এবং ক্লাইমেট ফান্ডিং বা জলবায়ু অর্থায়নে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করা। বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন তহবিল সুসংহত করার বিষয়ে ঢাকা ও আঙ্কারা যৌথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় তুরস্ক ও বাংলাদেশ যৌথ অবস্থান নেবে। পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তি স্থানান্তরের বিষয়েও আঙ্কারার পক্ষ থেকে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহ, দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংস্থান সুসংহত ও দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তুরস্কের উন্নত জ্বালানি অবকাঠামো ও কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিরক্ষা ও ড্রোন প্রযুক্তিতে জোর : এ সফরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা। সাম্প্রতিক বছরগুলোয় প্রতিরক্ষা শিল্পে অভূতপূর্ব উন্নতি করেছে তুরস্ক। বিশেষ করে দেশটির তৈরি সামরিক প্রযুক্তি, রাডারব্যবস্থা ও ড্রোন বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান এবং নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া কেবল সরঞ্জাম কেনাই নয়, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা উৎপাদন সুবিধা চালু এবং প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তরের বিষয়টিও আলোচনার এজেন্ডায় শীর্ষে রয়েছে।
সহযোগিতার প্রধান খাত : সম্ভাব্য এজেন্ডা ও আলোচনার বিস্তারিত বিষয় জলবায়ু অর্থায়ন, জলবায়ু তহবিল নিশ্চিতকরণ, বৈশ্বিক প্ল্যাটফর্মে যৌথ ডিপ্লোম্যাসি ও প্রযুক্তি হস্তান্তর; জ্বালানি নিরাপত্তা, এলএনজি সরবরাহ, নবায়নযোগ্য শক্তি উৎপাদন ও তুর্কি বিনিয়োগ আকর্ষণ; প্রতিরক্ষা ও প্রযুক্তি সামরিক সরঞ্জাম ক্রয়, ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ; বাণিজ্য ও অর্থনীতি, দ্বিপক্ষীয় বাণিজ্য বহুগুণ বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-বিষয়ক আলোচনা; বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন ২ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।
আঞ্চলিক ইস্যু ও রোহিঙ্গা সংকট : দ্বিপক্ষীয় পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ইস্যুতেও গুরুত্বসহকারে কথা বলবেন দুই নেতা। আন্তর্জাতিক সম্প্রদায় যখন রোহিঙ্গা সংকট থেকে নজর সরিয়ে নিচ্ছে, ঠিক সে মুহূর্তে তুরস্ক যাতে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার থাকে, সেই অনুরোধ জানাবে বাংলাদেশ। তুরস্ক ইতোমধ্যে ভাসানচর ও টেকনাফে বৈশ্বিক মানবিক সহায়তায় কাজ করে আসছে।
জনগণের সেবা করুন : প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তাদের উদ্দেশে তিনি বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। গতকাল সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি।
এ ধরনের বৈশিষ্ট্য শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে। একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যে যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে তাদের কর্মস্থল ও কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে তাদের সবার প্রথম ও প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা। তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। সরকারি কর্মকর্তা হিসেবে কী করা উচিত আর কী করা উচিত নয়- তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন। তবে জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই বিধিবদ্ধ নিয়ম ও আইনের আওতায় দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রসাশন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন