ধ*র্ষ*ণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হ ত্যা, সিলেট এসআরবি ধরল যুবককে
নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও (এসআরবি-৪)। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-০৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। সোমবার (৯ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি- মো. সাকিব (২২)। সে নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়ার দুলাল মোল্লার ছেলে।
ঘটনার বিবরণ উল্লেখ করে এসআরবি জানায়, ঢাকার আশুলিয়ার কলতাসুতি মরিচকাটা এলাকায় দুই সন্তানকে নিয়ে নিজ বাসায় বসবাস করতেন রোকসানা বেগম (৩৫)। তার স্বামী প্রবাসে থাকেন। অভিযুক্ত মো. সাকিব ওই এলাকায় ময়লা পরিষ্কারের কাজ করতেন এবং বিল সংগ্রহের জন্য প্রায়ই তার বাসায় যাতায়াত করতেন।
গত ৭ অক্টোবর রাতে রোকসানা পানির মোটর বন্ধ করতে বাসার বাইরে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তার মেয়ে মীম আক্তার রিয়া (১৮) মাকে খুঁজতে বের হয়। এ সময় ভবনের ছাদের প্রবেশপথে সাকিবকে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে আশপাশের ভাড়াটিয়াদের নিয়ে ছাদে খোঁজাখুঁজি করে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় রোকসানার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
এসআরবি জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব হত্যার কথা স্বীকার করে। সে জানায়, ঘটনার দিন ছাদে একা পেয়ে রোকসানাকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দিলে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। পরে ঘটনা আড়াল করতে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম